র্যাবর অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

এম এ মান্নান: কুমিল্লায় র্যাব -১১-এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ আমজাদ হোসাইন রিপন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে নগরীর কোতয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মুরাদপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে রিপনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রিপন কোতয়ালী মডেল থানার দক্ষিণ চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রিপন দীর্ঘদিন ধরে মুরাদপুর ও এর আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। র্যাব জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে র্যাব-১১ তাদের এক পরিসংখ্যানে জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত অভিযানে ৩৮২ জন চাঞ্চল্যকর অপরাধীসহ বিপুল সংখ্যক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ১৭৫টি অস্ত্র, ১,৫১৬ রাউন্ড গোলাবারুদ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এছাড়া হত্যা, ধর্ষণ, অপহরণ, ছিনতাই ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।
র্যাবর পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



