৯৪ কোটির স্বর্ণ লোপাটে গ্রেফতার স্বর্ণব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অবস্থিত একটি স্বর্ণালঙ্কারের প্রতিষ্ঠানে প্রায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাতের ঘটনায় সাবেক এক সেলসম্যানকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃত কৃষ্ণ বসাক ওরফে স্বপন বশাক (৪৭) দীর্ঘদিন প্রতিষ্ঠানে কর্মরত থেকে অন্যান্য সহযোগীদের সঙ্গে যোগসাজসে বিপুল পরিমাণ স্বর্ণ আত্মসাৎ করেছেন বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
সিআইডি জানায়, গত ১২ মে ২০২৬ দুপুরে তেজগাঁও থানাধীন বসুন্ধরা সিটির সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা এবং ওই জুয়েলারি প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির একাধিক দোকান থেকে মোট ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।
তদন্তে আরও উঠে আসে, মাসে মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করলেও কৃষ্ণ বসাক বিপুল সম্পদের মালিক বনে যান। তিনি একটি জুয়েলারি প্রতিষ্ঠানে প্রায় ৩৩ লাখ টাকা বিনিয়োগ করেন, ৪৪ লাখ ৫৫ হাজার টাকার ফ্ল্যাট ও কার পার্কিং কেনেন, পুঁজিবাজারে প্রায় ১৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার কেনেন এবং আয়কর নথিতে ৫০ ভরি স্বর্ণের তথ্যও পাওয়া যায়।
সিআইডি জানিয়েছে, আত্মসাৎকৃত স্বর্ণ উদ্ধার ও ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় তেজগাঁও থানায় পেনাল কোডের ৪০৮/৪২০/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।



