ফেনীতে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি যাত্রীবাহী বাসযোগে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা বহন করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৫ মে ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন লালপোল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে র্যাব সদস্যরা বাসে তল্লাশি চালিয়ে মোঃ আরিফ (২৩) এবং লাকী আক্তার (৩৩)-কে আটক করেন।
গ্রেফতারকৃত মোঃ আরিফ খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার থানার পাড়া এলাকার আমির হোসেনের ছেলে এবং লাকী আক্তার একই জেলার বোয়াখালখালী এলাকার কোরবান আলীর মেয়ে বলে জানা গেছে।
পরবর্তীতে তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশ-এর নিকট হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।



