দেশ

রূপগঞ্জে কুরবানির আকর্ষণ ‘টাইটানিক’, ওজন সাড়ে ২৭ মণ

নজরুল ইসলাম বাদল: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কুরবানির ঈদকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘টাইটানিক’ নামের বিশাল আকৃতির এক ষাঁড়। আকার, ওজন ও দৃষ্টিনন্দন গঠনের কারণে ইতোমধ্যে স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষের আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে গরুটি।
উপজেলার তারাব পৌর এলাকার মারিয়া এগ্রোতে গেলেই চোখে পড়ে বিশাল দেহের এই ষাঁড়টি। প্রায় সাড়ে ২৭ মণ ওজনের গরুটিকে দূর থেকে দেখলে অনেকের কাছে ছোটখাটো পাহাড় কিংবা হাতির মতো মনে হয়। লাল ও সাদা রঙের মিশ্রণে শক্তপোক্ত গড়নের ‘টাইটানিক’ সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।
মারিয়া এগ্রোর স্বত্বাধিকারী শফিকুল ইসলাম জানান, ফ্লেকভি জাতের এই ষাঁড়টির ওজন প্রায় এক টন বা সাড়ে ২৭ মণ। গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ গরুটি দেখতে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করছেন।
তিনি বলেন, “‘টাইটানিক’ আমাদের খামারের গাভীর সন্তান। জন্মের পর থেকেই পরিবারের সদস্যের মতো যত্ন নিয়ে বড় করেছি। কোনো ধরনের ইনজেকশন কিংবা কৃত্রিম মোটাতাজাকরণ করা হয়নি। প্রায় তিন বছর ধরে ঘাস, তুষ ও চালের গুঁড়া খাইয়ে প্রাকৃতিক উপায়ে লালন-পালন করেছি।”
তিনি আরও জানান, গরুটির পেছনে প্রতিদিন প্রায় ৯০০ থেকে ১ হাজার টাকা ব্যয় হয়। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে সম্ভাব্য ক্রেতারা এসে গরুটি দেখে গেছেন। ‘টাইটানিক’-এর মূল্য ধরা হয়েছে ৮ লাখ টাকা। উপযুক্ত দাম পেলে খামার থেকেই গরুটি বিক্রি করা হবে বলেও জানান তিনি।
স্থানীয়দের ভাষ্য, প্রতি বছরই মারিয়া এগ্রো বড় আকারের গরু পালন করে থাকে। তবে এবারের ‘টাইটানিক’ তার বিশাল আকৃতি ও ওজনের কারণে আলাদাভাবে সবার নজর কেড়েছে।
তারাব পৌর এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “গরুটি দেখতে গিয়েছিলাম। দূর থেকে দেখে মনে হয়েছে যেন একটি হাতি দাঁড়িয়ে আছে।”
রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস জানান, আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে উপজেলায় ১৮ হাজার ৪৯৫টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও পশু সরবরাহ করা সম্ভব হবে।
তিনি বলেন, “‘টাইটানিক’ ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আমরা চাই, মালিক যেন গরুটির ন্যায্য মূল্য পান।”
ঈদ যত ঘনিয়ে আসছে, ‘টাইটানিক’কে ঘিরে মানুষের আগ্রহও তত বাড়ছে। এখন সবার অপেক্ষা—শেষ পর্যন্ত কুরবানির বাজারে আলোচিত এই বিশাল ষাঁড়টি কত দামে বিক্রি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button