বদ্দারহাটে পুলিশের সফল অভিযান: গণধর্ষণ মামলার আসামি জুবায়ের গ্রেপ্তার

সাতকানিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে সাতকানিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গণধর্ষণ ও যৌন পীড়নের মামলার এজাহারনামীয় ৫নং আসামীকে গ্রেফতার করেছে।
আজ ১৭ মে, ২০২৬ তারিখ চট্টগ্রাম মহানগরীর বদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ জুবায়ের (২০)-কে গ্রেফতার করা হয়। সে সাতকানিয়া থানার সন্দিপ্যা পাড়া (৩নং ওয়ার্ড, ১৫নং ছদাহা ইউপি) এলাকার মোঃ জয়নাল ও মোছাঃ আনোয়ারা বেগমের পুত্র।
উল্লেখ্য যে, গত ১৪ মে, ২০২৬ তারিখে ভুক্তভোগীর দায়ের করা সাতকানিয়া থানার মামলা নং- ১০/২০২৬ (ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩)/১০) অনুযায়ী আসামী জুবায়ের এজাহারনামীয় আসামী ছিলেন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের এই সফল অভিযানে স্থানীয়ভাবে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।



