দেশ

রাজাপুরে ভুলবশত বিষপানে নারীর মৃত্যু

মুহাম্মাদ আরিফুর রহমান রণি: ঝালকাঠির রাজাপুরে শ্বাসকষ্টের ওষুধ মনে করে ভুলবশত আগাছা নিধনকারী বিষ পান করে শাহিদা আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
​নিহত শাহিদা আক্তার উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রপাশা গ্রামের মো. চুন্নু হাওলাদারের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ মে রাতে শাহিদা আক্তার শ্বাসকষ্টের ওষুধ খাওয়ার সময় অন্ধকারে ভুলবশত ঘরে থাকা আগাছা নিধনকারী বিষ পান করেন। এর কিছু সময় পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিলেও আর্থিক সংকটের কারণে পরিবার তাকে পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। পরে রবিবার রাতে আবারও অবস্থার অবনতি হলে পুনরায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button