চট্টগ্রাম বন্দর ইজারা বন্ধের দাবিতে স্কোপের সমাবেশ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম, ১০ জুন ২০২৬: চট্টগ্রাম বন্দরের এনসিটিসহ কোনো অংশ দেশি-বিদেশি কোম্পানির কাছে ইজারা প্রদান বন্ধের দাবিতে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কোপ)-এর উদ্যোগে চট্টগ্রামে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বন্দরের কার্যক্রম বেসরকারি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা প্রদান করা হলে শ্রমিক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা, বন্দর ব্যবস্থাপনা এবং দেশের অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা চট্টগ্রাম বন্দরের স্বার্থ সংরক্ষণ, শ্রমিক-কর্মচারীদের অধিকার ও কর্মসংস্থান রক্ষা এবং জাতীয় স্বার্থ বিবেচনায় বন্দর পরিচালনার দায়িত্ব সরকারি ব্যবস্থাপনায় রাখার আহ্বান জানান। তারা বন্দরের এনসিটিসহ কোনো অংশ দেশি-বিদেশি কোম্পানির কাছে ইজারা না দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সমাবেশে স্কোপের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শ্রমিক-কর্মচারী এবং সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেন।



