আইন-শৃঙ্খলা

বিদেশি মদসহ মাদক কারবারি ও ৪ মামলার ৫ আসামিকে গ্রেফতার করল ছাতক পুলিশ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও হত্যা মামলার আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এই সাফল্যের তথ্য নিশ্চিত করেছে। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জুন দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী (কালিদাসপাড়া) এলাকায় গোবিন্দগঞ্জ পুরাতন বাজার সংলগ্ন বটের খাল নদীর তীরে একটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসআই মো. মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কালা মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কালা মিয়ার হেফাজত থেকে ৫২ বোতল দামী বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৬ বোতল এসি ব্ল্যাক (AC Black), ১৮ বোতল ম্যাকডুয়েলস (McDowell’s), ১৫ বোতল এম্বার গোল্ড (Ember Gold) এবং ৩ বোতল অফিসার্স চয়েস (Officers Choice) ব্র্যান্ডের মদ রয়েছে। জব্দকৃত প্রায় ১৬ লিটার মদের আনুমানিক বাজারমূল্য ৪৪ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। অভিযানে এসআই মো. সাদেক, এসআই তুষার কান্তি আচার্য এবং এএসআই আরিফুজ্জামান ও গিয়াস উদ্দিনসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

এদিকে পৃথক আরও কয়েকটি অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—একটি আলোচিত হত্যা মামলার আসামি নূর আহমদ (২৮), সড়ক পরিবহন আইনের মামলায় অভিযুক্ত মো. রেজাউল হক (৩৮) এবং অন্যান্য নিয়মিত মামলার আসামি মো. আনিছুর রহমান আনিছ (২২) ও আবিদুর রহমান আবিদ (২৩)।

ছাতক থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও দাপ্তরিক কাজ সম্পাদন শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এমন ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button