ছাতকে সোয়া লাখ শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার: পৃথক অভিযানে গ্রেপ্তার ৪

মো: আরিফুর রহমান মানিক: সুনামগঞ্জের ছাতক থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানিনিষিদ্ধ ভারতীয় বিড়ি উদ্ধার এবং ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। রোববার (১৪ জুন) রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নে এই বিড়ি উদ্ধারের ঘটনা ঘটে এবং পরদিন সোমবার বিভিন্ন মামলায় অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ছাতক থানা পুলিশের একটি দল নোয়ারাই ইউনিয়নের আছাদনগর বেতুরা মাদ্রাসা সংলগ্ন খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি কার্টন ভর্তি ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত এসব বিড়ির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫২ হাজার টাকা। এ ঘটনায় পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে, সোমবার (১৫ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিয়মিত ও পরোয়ানাভুক্ত (জিআর) মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— আনোয়ার হোসেন, আব্দুল আহাদ, সুভাস সিংহ ও মো. সুমন মিয়া। তাদের মধ্যে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে এবং বাকি দুইজন আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
ছাতক থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত চারজনকেই যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন এবং চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।



