আইন-শৃঙ্খলা

মাছ ব্যবসায়ীদের ওপর হামলা, চাঁদাবাজি ও লুটপাট মামলার প্রধান আসামি রাজু গ্রেফতার

দুলাল শিকদার: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ২ নম্বর গেইট এলাকায় মাছ ব্যবসায়ীদের ওপর হামলা, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ রাজু (৩০) কে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২ নম্বর গেইট রেললাইনের উভয় পাশে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা পরিচালনা করে আসছিলেন মোঃ রাসেল (৪১) ও তাঁর সহযোগীরা।

অভিযোগ রয়েছে, গত এক মাস ধরে রাজু, বাদশাহসহ একদল সন্ত্রাসী ব্যবসায়ীদের কাছে এককালীন এক লাখ টাকা এবং দৈনিক পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১৫ জুন জোরপূর্বক ২০ হাজার টাকা আদায় করার পর অবশিষ্ট টাকার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো কিরিচ নিয়ে সংঘবদ্ধভাবে মাছের দোকানগুলোতে হামলা চালায় সন্ত্রাসীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানপাটে ব্যাপক ভাঙচুর করা হয় এবং প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করা হয়। হামলায় কয়েকজন ব্যবসায়ী আহত হন। এ সময় টিটু ওরফে লম্বা টিটু নামে এক আসামি ধারালো কিরিচ দিয়ে বাদী রাসেলের মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলাকারীরা যাওয়ার সময় মাছ বিক্রির নগদ প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় বাদী মোঃ রাসেলের অভিযোগের ভিত্তিতে খুলশী থানায় মামলা নং-২১, তারিখ ১৯ জুন ২০২৬, পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৩৮৫/৩৮৬/৪২৭/১১৪/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়।

মামলার তদন্তের অংশ হিসেবে খুলশী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন, এসআই নুরুল ইসলাম, এএসআই মহি উদ্দিন ও সঙ্গীয় ফোর্স ২০ জুন গোপন সংবাদের ভিত্তিতে ২ নম্বর গেইট এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি রাজুকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা এবং ২টি জিআর ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button