প্রতিবাদে ফুঁসছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি

হোসনে আরা হীরা (স্টাফ – রিপোর্টার) ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (এমআরইউ) আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ধানমন্ডি ৩২ নম্বরে দায়িত্ব পালনকালে একদল উগ্রবাদী ও জামায়াতপন্থী চক্র সাংবাদিকদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় সাংবাদিকদের মারধর করা হয় এবং তাদের পেশাগত সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আঘাত করে, তারা কখনোই দেশের বন্ধু হতে পারে না।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। তারা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা মাঠপর্যায়ের সংবাদকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।



