
নজরুল ইসলাম বাদল: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে তারাব পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার মো. আল – আমিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোতালিব ভূঁইয়া, রূপগঞ্জ থানা দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের ভয়াবহ বিস্তার রোধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে বক্তারা মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।



