
মো: রাকিব হোসাইন হৃদয়: নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৫, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের স্থারপুর, কায়েমপুর, ওয়াবদাপুল, পিঠালিপুল, তল্লা, সিবু মার্কেটসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র পানি সংকট বিরাজ করছে। এতে অর্ধলাখেরও বেশি মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার প্রায় ১০ দিন আগে থেকে শুরু হওয়া এই সংকট এখনো কাটেনি। অধিকাংশ সময় ওয়াসার লাইনে প্রয়োজনীয় পানি না থাকায় রান্না, গোসল, পানীয় জল সংগ্রহসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। অনেক পরিবারকে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে, ফলে ভোগান্তি দিন দিন আরও বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, মাঝে মধ্যে ওয়াসার পানিবাহী গাড়ির মাধ্যমে সীমিত পরিমাণ পানি সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। ফলে কয়েক ঘণ্টার মধ্যেই সেই পানি শেষ হয়ে যাচ্ছে এবং অধিকাংশ মানুষ পানির সংকট থেকেই যাচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, এ সংকটে প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের নজরে আনা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ও স্থায়ী সমাধান মেলেনি।
এলাকাবাসী দ্রুত সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, বিশুদ্ধ পানির মতো মৌলিক নাগরিক সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত থাকায় জনস্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দীর্ঘদিনের এই পানি সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করবে।



