স্টেডিয়ামের সিট দখলে রাতে স্মার্টফোন রেখে যান নরওয়ের এক সমর্থক

ক্রীড়া ডেস্ক: ফুটবল গ্যালারিতে সিট দখল নিয়ে অনেক সময় কথা-কাটাকাটি বা হুড়োহুড়ি দেখা যায়। কিন্তু নিজের বসার জায়গাটি অন্য কেউ দখল করবে—এই ভয়ে দামি স্মার্টফোন সিটের ওপর রেখে যাওয়ার ঘটনা আগে কখনো দেখা যায়নি।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস স্টেডিয়ামে নরওয়ে বনাম আইভরি কোস্টের মধ্যকার রাউন্ড অব বত্রিশের ম্যাচে এমনই এক বিরল ও অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলো ফুটবল বিশ্ব।
ম্যাচ চলাকালীন গ্যালারিতে থাকা নরওয়ের কয়েকজন সমর্থক তৃষ্ণা মেটাতে পানীয় কিনতে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তাঁরা যখন আসন ছাড়ছিলেন, তখন জায়গাটি যেন অন্য কেউ দখল করতে না পারে, তার ‘চিহ্ন’ হিসেবে নিজেদের স্মার্টফোনগুলো সিটের ওপর রেখে যান। অর্থাৎ, মোবাইল ফোন দিয়েই তাঁরা নিজেদের আসনটি ‘রিজার্ভ’ বা সংরক্ষণ করার ঝুঁকি নেন।
ম্যাচ চলাকালে সম্প্রচার ক্যামেরায় এই অভাবনীয় দৃশ্য ধরা পড়লে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সরাসরি সম্প্রচারের সময় ধারাভাষ্যকাররা এটি দেখে নিজেদের বিস্ময় চেপে রাখতে পারেননি।
ক্রীড়া বিশ্লেষক লুয়ানা মালুফ কৌতুক করে বলেন, “তাঁরা (সমর্থকরা) নিজেদের কোথায় মনে করছেন, তা আমি বুঝতে পারছি না! তবে এ ধরণের সাহস সত্যিই দেখার মতো এবং অবাক করার মতো।”
চলতি বিশ্বকাপে নরওয়ের সমর্থকরা এর আগেও তাঁদের বৈচিত্র্যময় আচরণের জন্য গণমাধ্যমের নজর কেড়েছেন। বিশেষ করে তাঁদের ঐতিহ্যবাহী ‘ভাইকিং রোয়িং’ উদ্যাপন, যেখানে প্রাচীন নর্ডিক নৌকার বৈঠা চালানোর ভঙ্গি দলবদ্ধভাবে অনুকরণ করা হয়—তা ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো দামি স্মার্টফোনে সিট বুকিংয়ের এই মজাদার কাণ্ড।
অবশ্য দিনটি কেবল সমর্থকদের ছিল না, মাঠের লড়াইয়েও শেষ হাসি হেসেছে নরওয়ে।
আইভরি কোস্টকে পরাজিত করে আর্লিং হালান্ডরা ইতোমধ্যে শেষ ১৬ বা নক-আউট পর্ব নিশ্চিত করেছেন। আগামী রবিবার পরবর্তী ধাপে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।



