দেশহত্যাকান্ড

ময়মনসিংহে ঘরে ঢুকে যুবককে পৈশাচিক কায়দায় জবাই করে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক: ময়মনসিংহ নগরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এক যুবককে তাঁর নিজ ঘরে ঢুকে পিটিয়ে ও জবাই করে হত্যার এক নৃশংস ঘটনা ঘটেছে। রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রুবেল, তবে এলাকায় তিনি ‘কাইল্যা রুবেল’ হিসেবে সুপরিচিত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে রুবেল রামকৃষ্ণ মিশন রোডের একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এমন সময় অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাঁর ঘরে প্রবেশ করে। তারা প্রথমে রুবেলকে বাঁশ দিয়ে উপর্যুপরি মারধর করে জখম করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রুবেলের গলা কেটে তাঁকে ঘরের মেঝেতে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতকরা।

চিৎকার ও শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, নিহত রুবেল এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন। তবে এই খুনের নেপথ্যে মাদকের দ্বন্দ্ব নাকি অন্য কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, “ঘটনার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। কেন এবং কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তা উদ্ঘাটনে আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

দিনদুপুরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সুত্রঃ কালের কণ্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button