
মহাব্বত মুন্সী
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা হাসপাতালে দায়িত্ব পালন শুরু করেছেন। তাদের উপস্থিতিতে হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদার হবে এবং জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শৃঙ্খলা রক্ষা সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী ও স্বজনদের সেবাপ্রাপ্তি নির্বিঘ্ন করা, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এতে হাসপাতালের পরিবেশ আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে।
স্থানীয়দের মতে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের এই উদ্যোগ প্রশংসনীয়। এতে রোগী ও চিকিৎসকদের মধ্যে আস্থা বাড়বে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিরাপদ ও সুশৃঙ্খল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আনসার সদস্য নিয়োগ একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ।



