অনুসন্ধানঅভিযান

হাতি দিয়ে সড়কে চাদাবাঁজি,প্রাণ গেল ১০ মাস বয়সী শিশুর!

মহাব্বত মুন্সী
ফরিদপুর জেলা রিপোর্টার
ঘুরতে যাওয়ার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০ মাস বয়সী শিশু আড়িশা জান্নাত। ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চলন্ত একটি অটোরিকশাকে হাতি দিয়ে থামানোর চেষ্টায় সেটি উল্টে গেলে গুরুতর আহত হয় শিশুটি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদরপুর-ভাঙ্গা সড়কের সদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাড়েসাত রশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় মাহুতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আড়িশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলপন্দী গ্রামের মো. সজিব মোল্লার কন্যা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়িশা তার মা ও স্বজনদের সঙ্গে বাররা গ্রামে নানার বাড়ি থেকে অটোরিকশাযোগে সদরপুরে যাচ্ছিল।

পথে সাড়েসাত রশি এলাকায় রাস্তার পাশে একটি হাতি দিয়ে যাত্রীবাহী যানবাহন থামিয়ে অর্থ সংগ্রহ করা হচ্ছিল। এ সময় মাহুত মো. বকুল (২৪) হাতির শুঁড় ব্যবহার করে চলন্ত অটোরিকশাটি থামানোর চেষ্টা করেন। এতে হাতির ধাক্কায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচু স্থানে উল্টে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত আড়িশাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

ঘটনার পর স্থানীয় জনতা মাহুত মো. বকুলকে আটক করে সদরপুর থানা পুলিশকে খবর দেয়। পরে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে তাকে থানার হেফাজতে নেন। একই সঙ্গে হাতিটিকেও জব্দ করে বিশ্ব জাকের মঞ্জিলের মাঠে রাখা হয়েছে।

সদরপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়-দায়িত্ব নিরূপণে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button