ব্রাহ্মণপাড়ায় পুকুরপাড়ে যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার

এম এ মান্নান- (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরপাড় থেকে মো. আলামিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের ছোট দুষিয়া পশ্চিমপাড়া গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলামিন উপজেলার শিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অহিদ মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ছোট দুষিয়া পশ্চিমপাড়া গ্রামের জনৈক মুসলিম উদ্দিনের নতুন মাটি ভরাট করা বাড়ির উত্তর-পশ্চিম পাশের একটি পুকুরপাড়ে পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে কৌতূহলী মানুষ সেখানে ভিড় জমান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি; এটি হত্যা নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে।
এ বিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল বলেন, “যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি চাই, ঘটনার নেপথ্যের প্রকৃত সত্য উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।



