বোয়ালমারীতে বালতির পানিতে পড়ে ১০ মাস বয়সী কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু

মহাব্বত মুন্সী উপজেলা প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বালতিতে রাখা পানিতে পড়ে আয়েশা নামে ১০ মাস বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বেলা আনুমানিক ৩টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে নিজ বাড়িতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা ওই গ্রামের বাসিন্দা আশিক মোল্লার একমাত্র কন্যাসন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু আয়েশাকে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে তার মা বাড়ির বাইরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটিকে গোসল করানোর উদ্দেশ্যে ঘরের কিছুটা দূরে একটি বড় বালতিতে পানি ভরে রাখা হয়েছিল।
একপর্যায়ে ঘুম থেকে জেগে আয়েশা হামাগুড়ি দিয়ে সবার অজান্তে ঘরের বাইরে রাখা ওই পানিভর্তি বালতির কাছে চলে যায়। পরে কোনো এক ফাঁকে শিশুটি বালতির পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা আয়েশাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিভর্তি বালতির মধ্যে তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মাত্র ১০ মাস বয়সী একমাত্র কন্যাশিশুকে হারিয়ে পরিবারটিতে শোকের মাতম নেমে এসেছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



