আইন ও বিচারঢাকা বিভাগপ্রশাসন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: র‌্যাবের অভিযানে ৮ এজাহারনামীয় আসামি গ্রেফতার

মামুন খান: ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮) হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় ৮ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১০ মুন্সীগঞ্জ থেকে ৪ জন এবং র‌্যাব-৪ আমিনবাজার এলাকা থেকে আরও ৪ জনকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে রাত ১১টার মধ্যে সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় একটি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে এক গ্যারেজ মালিককে মারধরের ঘটনা ঘটে। এ সময় এসআই আলতাফ হোসেন এর প্রতিবাদ করলে অভিযুক্তদের সঙ্গে তাঁর ও তাঁর ছেলে আরিফুলের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এসআই আলতাফ হোসেন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। এতে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রাণ বাঁচাতে তিনি তাঁর ছেলের পোশাক কারখানার ভেতরে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে গিয়ে আরও ১৫ থেকে ২০ জন সহযোগীকে নিয়ে কারখানার গেট ভেঙে প্রবেশ করে।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এসআই আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুলকে মারধর করে। একই সঙ্গে কারখানার মেশিন ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব। এর ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে র‌্যাব-১০ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানাধীন লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়।

অভিযানে মামলার এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০) ও ইমরান (২৬)। তাদের মধ্যে আপন সাভার থানার তিনটি মাদক মামলার আসামি বলে জানিয়েছে র‌্যাব।

অন্যদিকে, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল সাভারের আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে একই মামলার আরও ৪ এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—নূর মোহাম্মদ রুদ্র (২৪), মোঃ রাকিব মিয়া (২৮), ছাব্বির আহম্মেদ (২৪) ও মোঃ ওয়াসিম (৪০)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠার পর থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button