আইন-শৃঙ্খলাপ্রশাসন

গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় ৩ জন আহত র‌্যাবের ধারাবাহিক অভিযানে গ্রেপ্তার ৫, বিদেশি অস্ত্র-গুলিসহ বিপুল মাদক উদ্ধার

মামুন খান: রাজধানীর গেন্ডারিয়ায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনায় এক নারীসহ তিনজন আহত হওয়ার ঘটনায় র‌্যাব-১০-এর ধারাবাহিক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড তাজা গুলি, তিনটি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

গত ৩০ আগস্ট রাজধানীর গেন্ডারিয়া থানাধীন করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আশা আক্তার (২০), সিয়াম (১৮) ও আলমগীর (৩৩) গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে আশা আক্তার ও সিয়াম পথচারী এবং আলমগীর চা-দোকানি।

গোলাগুলির ঘটনায় আশার ডান পায়ে, সিয়ামের বুকের বাম পাশে এবং আলমগীরের মাথায় গুলি লাগে। আহত আলমগীর হোসেন রাসেল ও সিয়াম হোসেন রুবেলের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ রয়েছেন। আয়েশা আক্তারও স্থিতিশীল রয়েছেন। তবে তার পায়ে থাকা গুলি এখনো অপসারণ করা সম্ভব হয়নি।

ঘটনার পর র‌্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়।

এর ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকা থেকে মোহাম্মদ জিসান (১৯) ও মোহাম্মদ রমজান (১৯)কে গ্রেপ্তার করা হয়। পরে ৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীন (৩৪)কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ৯ সেপ্টেম্বর পৃথক অভিযানে শাবাব হোসেন শৈকত (২৯) ও মোহাম্মদ মাহিম (১৮)কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, শাবাব হোসেন শৈকতকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১২ রাউন্ড তাজা গুলি, তিনটি ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। একই অভিযানে প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা মূল্যমানের ৪২০ পিস ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা, নগদ অর্থ ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত শাবাব হোসেন শৈকত যাত্রাবাড়ী থানার তিনটি মাদক মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশের লুণ্ঠিত অস্ত্রের গোলাবারুদ উদ্ধার

অভিযানে উদ্ধার হওয়া ১২ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনের মধ্যে একটি ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-পরবর্তী সময়ে পুলিশের লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদের অংশ হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১০ জানিয়েছে, এ ঘটনায় ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্র, মাদক ও পুলিশের লুণ্ঠিত গোলাবারুদের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

র‌্যাব-১০ আরও জানিয়েছে, রাজধানীতে অস্ত্র, মাদক ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button