জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আলীনগর, নবীনগর, ওসমানের ঘোনাসহ বিভিন্ন এলাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ, বিজিবি, এসআরবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ, বিজিবি ও এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সীতাকুণ্ড থানা পুলিশ এবং সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকায় কিছু অপরাধী সংঘবদ্ধ হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে পারে। এ পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধে দুর্গম পাহাড়ি এলাকায় সমন্বিত টহল জোরদার করা হয়। পাশাপাশি বিভিন্ন পাহাড়ি ঘরবাড়ি ও স্থাপনা, আশপাশের পরিত্যক্ত স্থান এবং সন্দেহজনক এলাকায় তল্লাশি পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও অবস্থান যাচাই-বাছাই করা হয়।
যৌথ অভিযানের মাধ্যমে অপরাধীদের সংঘবদ্ধ হওয়ার সম্ভাবনা প্রতিরোধ, নাশকতার সম্ভাব্য প্রস্তুতি নস্যাৎ এবং অপরাধ সংঘটনের অনুকূল পরিবেশ রোধের পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও দৃশ্যমান উপস্থিতির ফলে এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি অপরাধপ্রবণ ব্যক্তিদের মধ্যে আইনের যথাযথ প্রয়োগের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়। একইসঙ্গে অপরাধ ও সন্দেহজনক তৎপরতার তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে এবং অপরাধ প্রতিরোধে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণকে উৎসাহিত করা হয়।
জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।



