সোনারচর সংলগ্ন সাগরে বিকল ট্রলারে ৪ দিন ভাসার পর ১৮ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে চার দিন ধরে ভেসে থাকার পর ১৮ জন জেলেকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে একটি বিকল্প ট্রলারে করে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।
উদ্ধার হওয়া জেলেদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার জোবায়ের এন্টারপ্রাইজের মৎস্য আড়তদার ফরহাদ হোসেন পাটোয়ারী এবং ট্রলার মালিকের ভাই ফিরোজ রাঢ়ী। উদ্ধারকাজের পর জেলেদের ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের পাচকপাট স্লুইস গেট এলাকায় নেওয়া হচ্ছে বলে জানান তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সাগরে মাছ ধরতে যান হানিফ মাঝির মালিকানাধীন ট্রলারের ১৮ জন মাঝিমাল্লা। তবে রোববার সাগরে ট্রলারটির পাখা ভেঙে গেলে এটি পুরোপুরি বিকল হয়ে পড়ে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তারা সোনারচর ও রূপারচরের মধ্যবর্তী সাগর এলাকায় ট্রলারটি নোঙর করে দীর্ঘ চার দিন অবস্থান করছিলেন।
পরবর্তীতে মঙ্গলবার মোবাইল নেটওয়ার্ক সচল হলে ট্রলারের মালিক হানিফ মাঝি ঘটনাটি স্থানীয় মৎস্য আড়তদার ফরহাদ হোসেন পাটোয়ারীকে জানান। খবর পাওয়ার পর উপকূলীয় এলাকায় ৯৯৯-এ ফোন করে উদ্ধার অভিযানের সহায়তা চাওয়া হয়।
তবে সাগরে তিন নম্বর সতর্কসংকেত জারি থাকা এবং আবহাওয়া অত্যন্ত উত্তাল থাকায় বুধবার পর্যন্ত কোনো উদ্ধারকারী নৌযান সাগরে পাঠানো সম্ভব হয়নি। ফলে সাগরে আটকে থাকা জেলেদের নিয়ে স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। অবশেষে বৃহস্পতিবার সকালে পরিস্থিতি কিছুটা অনুকূলে এলে স্বজন ও আড়তদারের পাঠানো একটি উদ্ধারকারী ট্রলার সফলভাবে জেলেদের উদ্ধার করে কূলে ফিরিয়ে আনে।



