হাটহাজারীতে পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম, ২৬ সেপ্টেম্বর ২০২৬: চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি, একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. নাছির উদ্দীন (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে হাটহাজারী মডেল থানার বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজারসংলগ্ন পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুদের তথ্য পাওয়া যায়।
পরে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এবং হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে পুলিশ নাছির উদ্দীনের বাড়িতে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।
পরে সাক্ষীদের উপস্থিতিতে তার বসতঘরে আইনানুগ তল্লাশি চালানো হয়। এ সময় নাছির উদ্দীনের দেখানো ও শনাক্তমতে তার শয়নকক্ষে থাকা স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধারকৃত কার্তুজগুলোর গায়ে ‘SHAKTIMAN EXPRESS MADE IN INDIA’ লেখা রয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির উদ্দীন জানান, তার বন্ধু মো. তৈয়ব (৪৫), রাউজান, চট্টগ্রাম—প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার হেফাজতে রেখে যান। দেশে ফিরে তৈয়ব তার কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে যাওয়ার কথা ছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনায় সংশ্লিষ্ট পলাতক আসামি মো. তৈয়বকে গ্রেপ্তার এবং উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে The Arms Act, 1878-এর 19A/19(f) ধারায় হাটহাজারী মডেল থানায় মামলা করা হয়েছে।



