চট্টগ্রামে দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর করতে পুলিশের বিশেষ উদ্যোগ

চট্টগ্রাম প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম-এর সভাপতিত্বে জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় জনাব মোঃ সেফাউল হোসেন, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি, চট্টগ্রাম; জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার পাশাপাশি কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে বলা হয়। একই সঙ্গে গুজব বা উসকানির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়।
নারী ভক্তদের যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের জন্য প্রয়োজনীয় বিশেষ সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশা ও সামাজিক প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় মসজিদ, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলা এবং পার্শ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা অবলম্বনের জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়।
যেকোনো ছোটখাটো বিরোধ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন বড় ঘটনায় রূপ না নেয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ও সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। কোনো ঘটনায় আইন নিজের হাতে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়।
সভায় জেলার বিভিন্ন থানা থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা, সম্ভাব্য সমস্যা, স্থানীয় পরিস্থিতি এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। জেলা পুলিশ তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদ, পূজারী, ভক্তবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছে চট্টগ্রাম জেলা পুলিশ।



