আইজি-ডিআইজির আস্থাভাজন পরিচয়ে প্রতারক চক্রের অন্যতম সদস্য মোতালেবের ভয়ংকর ফাঁদ

মাহবুব আলম মানিক (সাভার উপজেলা প্রতিনিধি): পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে চাকুরী সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সেনাপ্রধান, আইজি ডিআইজি ও মন্ত্রীর ছেলে পরিচয় দানকারী প্রতারক চক্রের অন্যতম সদস্য আব্দুল মোতালেব সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একই সঙ্গে ডিভোর্সী ও অসহায় নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আব্দুল মোতালেব কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বুজরুথ গ্রামের মৃত মতিন সরদারের ছেলে। তিনি বর্তমান আশুলিয়ার বাইপাইল কাঁচামালের আড়ৎ সংলগ্ন বসুন্ধরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন সরকারি বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে মোটা অংকের অর্থ নেওয়ার মাধ্যমে প্রতারণার একটি কৌশল গড়ে তুলেছেন মোতালেব ও তার দল। কখনো পুলিশের চাকরি, কখনো সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা বিমানবাহিনীতে নিয়োগের আশ্বাস দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন বলে অভিযোগ রয়েছে। চাকরির আশায় অনেকেই তার কথায় বিশ্বাস করে অর্থ দিয়ে সর্বশান্ত হয়ে ঘরবাড়ি ছাড়া হয়েছেন বলে জানা গেছে ।
শুধু চাকরির প্রলোভন নয়, ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমেও প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ডিভোর্সী ও অসহায় নারীদের বিয়ের আশ্বাস দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তী সময়ে অর্থ হাতিয়ে নেওয়ার মতো কর্মকাণ্ডেও জড়িত তিনি। তার বিরুদ্ধে এ ধরনের অসংখ্য অভিযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
অভিযোগকারীদের দাবি, একসময় মোতালেব নিজেকে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর পালিত ছেলে হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয় ব্যবহার করে তিনি মানুষের আস্থা অর্জন করে প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।শুধু তাই নয়,মোতালেবের বিরুদ্ধে ঢাকা জেলা সহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় প্রতারণা, অপহরণ ও হত্যা-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
চাকরির প্রলোভনে অর্থ হারানো ব্যক্তি এবং বিয়ের আশ্বাসে প্রতারিত হওয়ার অভিযোগ তোলা নারীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগীদের অর্থ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে মোতালেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্যা আমি জাসদ করি হাসানুল হক ইনুকে আমি একটা সময় বাবা ডাকতাম আমার বিরুদ্ধে সব মিলে পাঁচটা হত্যা মামলা আছে।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এমন অভিযোগ পেলে এবং অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
(পর্ব- ১)



