ফুলবাড়ীতে ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে জামায়াতের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত

শাহজামাল শাওন (ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি): কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০০৬ সালের ভয়াল ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত লগি-বৈঠা তাণ্ডব, বর্বরোচিত হামলা ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ অক্টোবর) সকালে ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়কে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে এক বিশালাকার ও বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মাহফিলে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা সেকেন্দার আলী পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশের ইতিহাসে এক কলঙ্কজনক ও হৃদয়বিদারক অধ্যায়। তৎকালীন ফ্যাসিবাদী চক্রান্তের অংশ হিসেবে লগি-বৈঠা নিয়ে নিরপরাধ রাজনৈতিক নেতাকর্মীদের ওপর যেভাবে পশুপাখির মতো পিটিয়ে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা মানবতাবিরোধী অপরাধের শামিল। ওই দিনের শহীদদের রক্ত বৃথা যেতে পারে না।
বক্তারা আরও বলেন, ফুলবাড়ীর সচেতন সমাজ সর্বদা সকল জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিল। ছাত্র-জনতার সাম্প্রতিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ যে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে, তার ভিত্তি তৈরি হয়েছিল ২৮ অক্টোবরের ত্যাগের মাধ্যমেই।
অনুষ্ঠান শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। র্যালি ও সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।



