অভিযান

মা ইলিশ সংরক্ষণ অভিযানের শেষ দিনে চট্টগ্রামে ৫ লাখ ৭০ হাজার টাকার অবৈধ জাল জব্দ

অপরাধ বিচিত্রা ডেস্ক: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর ২২তম ও শেষ দিনে চট্টগ্রামের উপকূলীয় ও সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম এবং বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সাগর’-এর অ্যান্টি-স্মাগলিং সেলের যৌথ টহল দল দুটি লাইফবোট নিয়ে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বহিঃনোঙর, সি-বিচ, আকমল আলী, আনন্দবাজার, কাট্টলী, পারকিরচর, গহিরা ও আশপাশের সমুদ্র এলাকা থেকে ৫টি টং জাল, ৬টি বেহুন্দি জাল এবং ৪ হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়। জব্দ করা এসব অবৈধ জালের আনুমানিক মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

পরে জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রামের প্রতিনিধি মো. সাইফুল ইসলামের উপস্থিতিতে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অভিযানের শেষ দিনেও অবৈধ জাল জব্দের মধ্য দিয়ে ইলিশ সংরক্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর তৎপরতা অব্যাহত ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button