অপরাধ

চট্টগ্রামে ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা ছিনতাই, প্রতিবাদে বণিক সমিতি

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম নগরীর তিনপুলের মাথা এলাকায় রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী জাকির হোসেনের ওপর কিরিচ দিয়ে নৃশংস হামলা ও প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতি।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, রিয়াজউদ্দিন বাজার থেকে ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা জাকির হোসেনের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে কিরিচ দিয়ে কুপিয়ে সঙ্গে থাকা ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে যায় তারা। পরে এক পথচারী তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আলী আব্বাস খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেমসহ সমিতির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, রিয়াজউদ্দিন বাজারের একজন ব্যবসায়ীর ওপর এমন নৃশংস হামলা ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সমিতির নেতৃবৃন্দের জোরালো দাবি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে হামলায় জড়িত সব অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তকে শনাক্ত করে গ্রেপ্তার, ছিনতাই হওয়া ৬ লাখ টাকা উদ্ধার, আহত ব্যবসায়ী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং রিয়াজউদ্দিন বাজারসহ আশপাশের ব্যবসায়িক এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে।

এদিকে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ কাজ শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button