ছাতকে আমন ধান কর্তন উৎসব, পতিত জমিতে সরিষা-পেঁয়াজ চাষের উদ্যোগ

ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধি: আমন ধান কর্তনের পাশাপাশি পতিত জমিতে সরিষা ও পেঁয়াজ চাষের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে সুনামগঞ্জের ছাতকে। এ উপলক্ষে আমন ধান কর্তন উৎসব, কৃষিযন্ত্র বিতরণ এবং সরিষার বীজ বপন ও পেঁয়াজের কন্দ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রামের মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. উমর ফারুক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন এবং ছাতক থানার অফিসার ইনচার্জ কামাল পিএম।
অনুষ্ঠানে ৭০ শতাংশ সরকারি ভর্তুকিতে দুই কৃষকের মধ্যে দুটি ট্রাক্টর বিতরণ করা হয়। উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রামের মিজানুর রহমান ও কুতুব উদ্দিন যৌথভাবে একটি ট্রাক্টর পেয়েছেন। অন্যটি পেয়েছেন নোয়ারাই এলাকার কৃষক আব্দুল মালিক। প্রতিটি ট্রাক্টরের মূল্য ৫ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা।
কৃষি বিভাগের আয়োজনে আমন ও বোরো ধান চাষের মধ্যবর্তী সময়ে পতিত জমিতে সরিষার আবাদ সম্প্রসারণের লক্ষ্যে বীজ বপন করা হয়। পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সাশ্রয়ী ও লাভজনক ফসল হিসেবে পেঁয়াজের কন্দ রোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম ও আব্দুর রহমান, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ সফিউল আলম মতি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান ও অ্যাডভোকেট আব্দুল কাহারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হক, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান এবং উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম উপস্থিত ছিলেন।
ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।
কৃষি বিভাগের এ উদ্যোগের মাধ্যমে পতিত জমির সর্বোত্তম ব্যবহার, ফসলের বহুমুখীকরণ এবং আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদন ও আয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।



