চাঁদপুরে কার্টুন দেখানোর প্রলোভনে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মো: রাজন পাটওয়ারী (চাঁদপুর প্রতিনিধি): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভনে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার শিকদার ওরফে দেলু শিকদারকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।
গতকাল রাতে উপজেলার ১২ নম্বর ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিশুটির পরিবারের অভিযোগ, গত ২৬ অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই দিন শিশুটির নানা আলমাছ তাকে নিয়ে অভিযুক্ত দেলু শিকদারের বাড়িতে যান। সেখানে অভিযুক্তের মোবাইল ফোনে কার্টুন দেখছিল শিশুটি। একপর্যায়ে শিশুটিকে বাড়িতে রেখে আলমাছ চলে গেলে অভিযুক্ত ব্যক্তি শিশুটির ওপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরেন বলেও পরিবারের দাবি।
শিশুটির মা জানান, মেয়েকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে তিনি দেলু শিকদারের বাড়িতে গিয়ে তাকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে শিশুটির কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পারেন। শিশুটির শারীরিক অবস্থার অবনতি ও কান্নাকাটির কারণে চিকিৎসার জন্য অভিযুক্তের পরিবারের কাছে গেলে তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে উল্টো হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। পরে চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত ছিল না বলে দাবি করেন শিশুটির মা।
ঘটনার বিষয়টি জানাজানি হলে রোববার রাতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ সময়ও এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে তাকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা শিশুটির দ্রুত সুচিকিৎসা, নিরাপত্তা ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।



