আইন ও বিচার

জুলাই গণহত্যা মামলার সাক্ষ্যগ্রহণের আগে বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি, পাঁচলাইশ থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন জুলাই গণহত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর ঠিক আগমুহূর্তে মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি এবং গালিগালাজ করার অভিযোগ উঠেছে। রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম চৌধুরীর অনুসারী পরিচয়ে বিদেশি নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এই হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে নগরের পাঁচলাইশ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আদালত ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরে সংঘটিত জুলাই গণহত্যার ঘটনায় ফজলে করিম চৌধুরীসহ একাধিক আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ১০ নভেম্বর নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত জিডির আবেদন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের চট্টগ্রাম মহানগরের সহসভাপতি মো. ইফতেখারুল ইসলাম। আবেদনে তিনি উল্লেখ করেন, আগামী ১৫ নভেম্বর ঢাকায় ট্রাইব্যুনালে তার সাক্ষ্য দেওয়ার দিন ধার্য রয়েছে। গত ৩ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বিভিন্ন নম্বর থেকে ফোন করে ফজলে করিম ও ফারাজ করিম চৌধুরীর অনুসারী পরিচয়ে সাইফুল ইসলামসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকতে বলেন। অন্যথায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

এ বিষয়ে মো. ইফতেখারুল ইসলাম বলেন, “ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক প্রাণনাশের হুমকির কারণে আমি ও আমার পরিবার চরম আতঙ্কে আছি। অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

শুধু ইফতেখারুল নন, একই মামলার বাদী ও অন্যান্য সাক্ষীদেরও একইভাবে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তদের পক্ষ থেকে রিজুয়ানা ইউসুফ নামের এক ব্যক্তি ফোন করে নাফিযা অমিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এছাড়া তাসকিন আহমদ নামের আরেক সমন্বয়ককেও সরাসরি মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

এর আগে গত ২ নভেম্বর পাঁচলাইশ থানায় আরও একটি জিডি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সম্রাট রুবায়েত। জিডিতে তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম মহানগরের জুলাই গণহত্যা নিয়ে ফজলে করিম চৌধুরীসহ একাধিক আসামির বিরুদ্ধে তার দায়ের করা মামলাটি বর্তমানে বিচারাধীন এবং ১৫ নভেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এর মধ্যে গত ৩ সেপ্টেম্বর ফজলে করিমের অনুসারী পরিচয়ে ফোন করে তাকে এবং মামলার অন্যতম সাক্ষী আবদুল্লাহ আল মামুনকে সাক্ষ্য না দিতে সতর্ক করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

সম্রাট রুবায়েত বলেন, “হুমকির পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হলে সাক্ষীদের নিরাপত্তা দেওয়া জরুরি। হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করা হোক।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ উদ্দিন সরকার বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, বিদেশি নম্বর ব্যবহার করে এসব হুমকি দেওয়া হয়েছে। বিদেশি নম্বর থেকে কে বা কারা কল দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। জিডির কপি হাতে পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button