পতেঙ্গায় মোবারক হত্যা: ফটিকছড়ি থেকে মুসার ছেলে নাছির গ্রেপ্তার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় বাইসাইকেল চুরির সন্দেহে যুবক মোবারক ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় মোহাম্মদ মুসার ছেলে মো. নাছিরকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছুরি এলাকায় অভিযান চালিয়ে ২২ বছর বয়সী নাছিরকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবারক ইসলাম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৭। তদন্তের একপর্যায়ে অভিযুক্ত নাছিরের অবস্থান শনাক্ত করা হলে শুক্রবার রাতে ফটিকছড়ির সুয়াবিল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার বিকেলে পতেঙ্গা থানার চরপাড়া এলাকার একটি মাঠে বাইসাইকেল চুরির অভিযোগে ২২ বছর বয়সী মোবারক ইসলামকে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুসা ও তাঁর ছেলেদের জড়িত থাকার কথা জানিয়েছিল পুলিশ।
মোবারক হত্যার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



