আইন-শৃঙ্খলা

শুলকবহরে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, আপন ভাইসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বহদ্দারহাটসংলগ্ন শুলকবহর এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এক কাঠ ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর আপন ভাই আজিম উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে। গত ২ নভেম্বর সন্ধ্যায় মেসার্স আজিজ ডোর নামের প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আজিজ উদ্দিন। এ ঘটনায় থানায় মামলা করতে গিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে সমঝোতার প্রস্তাব পাওয়ার অভিযোগও তুলেছেন তিনি। পরে আদালতে নালিশি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

আজিজ উদ্দিনের অভিযোগ, হামলার পর থেকে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে নিজের জীবন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন তিনি।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে শুলকবহর এলাকার মেসার্স আজিজ ডোরে এ ঘটনা ঘটে। ব্যবসাপ্রতিষ্ঠানের বাইরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে প্রথমে তিনজনকে দোকানে প্রবেশ করতে দেখা যায়। প্রায় দুই মিনিট পর সেখানে উপস্থিত হন ব্যবসায়ী আজিজ উদ্দিনের আপন ভাই আজিম উদ্দিন।

ভুক্তভোগীর দাবি, চারজন একত্র হয়ে তাঁকে মারধর করেন। তাঁর চিৎকার শুনে এবং হামলার ঘটনা দেখে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় হামলায় অংশ নেওয়া তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও আজিম উদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

পরে আহত আজিজ উদ্দিনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।

ঘটনার পরদিন ৩ নভেম্বর আইনি প্রতিকার চেয়ে পাঁচলাইশ মডেল থানায় যান আজিজ উদ্দিন। তাঁর অভিযোগ, থানার সেকেন্ড অফিসার মামলা গ্রহণ না করে ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন।

আজিজ উদ্দিনের দাবি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার শিকার হয়ে বিচার চাইতে থানায় গিয়েও প্রত্যাশিত আইনি সহায়তা পাননি তিনি। পরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে নালিশি মামলা দায়ের করেন। ওই মামলায় আপন ভাই আজিম উদ্দিনসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে। আবেদনে মারধর ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে আইনগত প্রতিকার চাওয়া হয়েছে।

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আজিম উদ্দিন। তাঁর দাবি, তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সংশ্লিষ্ট সবার অবস্থান যাচাই করে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

থানায় মামলা গ্রহণ না করা এবং ১০ হাজার টাকার বিনিময়ে সমঝোতার প্রস্তাব দেওয়ার অভিযোগের বিষয়ে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিষয়টি তিনি জিজ্ঞাসাবাদ করে দেখবেন। এ জন্য অভিযোগকারীকে পুনরায় থানায় যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আজিজ উদ্দিনের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

এ ছাড়া থানায় মামলা গ্রহণ না করে অর্থের বিনিময়ে সমঝোতার প্রস্তাব দেওয়ার অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী। অভিযোগটি সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

একজন নাগরিকের আইনি প্রতিকার পাওয়ার অধিকার নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগের পাশাপাশি পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে ওঠা সমঝোতার প্রস্তাবের অভিযোগও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই, প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে-এমন প্রত্যাশা স্থানীয়দের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button