আইন-শৃঙ্খলা

চট্টগ্রামে পেশাদার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকার-নগদ টাকাসহ মালামাল উদ্ধার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম মহানগরীতে বাসাবাড়িতে তালা ভেঙে চুরির ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণের বালা, রুপার নূপুর, নগদ ৮০ হাজার টাকা, ৯টি কামিজ ও একটি শাড়িসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন ফুলকলি শাহ আমানত হাউজিং সোসাইটির বাকলিয়া টাওয়ার ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-তাসলিমা আক্তার তাসু (২৩), রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনা (৪৬), তানিয়া আক্তার সাথী (২৪), মোহাম্মদ ছাব্বির (১৯) ও মো. জামাল (৩৯)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একই পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চুরির সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর নগরীর একটি ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে। ওই বাসার বাসিন্দা মোছা. আখি খাতুন স্বামীসহ বোনের বাসায় কক্সবাজারে অবস্থানকালে দুপুর সোয়া একটার দিকে বাসায় তালা লাগিয়ে কর্মস্থলে যান। সন্ধ্যা সোয়া সাতটার দিকে বাসায় ফিরে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল চুরির বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় অভিযোগকারী নাফিয়া তাবাচ্ছুমের নগদ ২০ হাজার টাকা, স্বর্ণের আংটি, কানের দুল, গলার লকেট ও নাকফুলসহ প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়। একই বাসার অপর বাসিন্দা আখি খাতুনের কক্ষ থেকে নগদ ১৫ হাজার টাকা, প্রায় তিন লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, রুপার নূপুর ও ব্রেসলেট এবং ৯টি ব্যবহৃত থ্রি-পিস ও একটি শাড়ি চুরি হয়।

সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৬২ হাজার ২০০ টাকা। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানায় ১৪ নভেম্বর মামলা নম্বর-২৬, দণ্ডবিধির ৪৫৪/৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবিরের নেতৃত্বে এসআই আবদুল মোমেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া টাওয়ারে অভিযান পরিচালনা করেন। অভিযানে চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত রিনা বেগম ও মো. জামালের দেখানো ও শনাক্তমতে তাদের শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে এক জোড়া স্বর্ণের হাতের বালা উদ্ধার করা হয়। তাসলিমা আক্তার তাসুর পায়ে পরিহিত অবস্থায় এক জোড়া রুপার নূপুর পাওয়া যায়। তানিয়া আক্তার সাথীর শয়নকক্ষের স্টিলের আলমারি থেকে একটি রুপার নূপুর ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া মোহাম্মদ ছাব্বিরের শয়নকক্ষের প্লাস্টিকের ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা একটি শপিং ব্যাগ থেকে ৯টি কামিজ ও একটি শাড়ি উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর এবং একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবস্থান করে সংঘবদ্ধভাবে বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটিয়ে আসছিল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনার বিরুদ্ধে সিএমপির পাহাড়তলী থানায় ২০২২ সালের একটি এবং ডবলমুরিং থানায় ২০২১ সালের একটি চুরির মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button