অপরাধসাইবার অপরাধ

ফেসবুকে ছবি দিয়ে ব্যবসায়ীর সম্মানহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

মামুন খান: মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করে কুরুচিপূর্ণ মন্তব্য, মিথ্যা অপপ্রচার এবং সামাজিকভাবে সম্মানহানি করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা ও বিচার চেয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বপন শেখ (৫৮) নামক এক স্থানীয় ব্যবসায়ী।

জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্বপন শেখ মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকার খান প্লাজা মার্কেটে ‘তিন কন্যা’ নামে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করে আসছেন।

অভিযুক্ত ইমন ভূইয়া (২৬) নামের এক যুবক গত ২৪ অক্টোবর বিকেল আনুমানিক ৫টার দিকে তাঁর ব্যবহৃত ‘Bhoot’ নামের ফেসবুক আইডি থেকে স্বপন শেখের একটি ছবি আপলোড করেন। এরপর বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ করে ওই ছবির ক্যাপশনে অত্যন্ত আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য জুড়ে দেন। এর মাধ্যমে ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালিয়ে ওই ব্যবসায়ীর সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে বলে অভিযোগে প্রকাশ পায়।

অনলাইনে অপপ্রচারের পরদিন অর্থাৎ ২৫ অক্টোবর দুপুর আনুমানিক ৩টার দিকে সিপাহীপাড়া ভূইয়াবাড়ী এলাকায় অভিযুক্ত ইমনের সঙ্গে স্বপন শেখের সামনাসামনি দেখা হয়। এ সময় স্বপন শেখ তাঁর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার কারণ জানতে চাইলে ইমন চড়াও হন। তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভবিষ্যতে আরও বেশি করে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার হুমকি দেন।

একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে অভিযুক্ত ইমন তাঁকে উদ্দেশ করে বলেন, “বেশি বাড়াবাড়ি করলে তোকে জানে মেরে ফেলব।” এমন প্রকাশ্য প্রাণনাশের হুমকিতে বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই ব্যবসায়ী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার ও হুমকির জেরে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় ভুক্তভোগী ব্যবসায়ী বাধ্য হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন।

ঘটনার বিষয়ে অভিযুক্ত ইমন ভূইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা এই জিডির নম্বর ১৭৫২। মামলার বিষয়ে হাতিমারা তদন্ত কেন্দ্রের এসআই মো. শামীম হোসেন জানিয়েছেন, জিডিটি নথিভুক্ত করা হয়েছে এবং এর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button