চট্টগ্রাম

রাউজানে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে একটি সড়কের নাম পরিবর্তনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা উপেক্ষা করে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা বেগম সড়কটির নাম পরিবর্তন করে অন্য নামে উদ্বোধন করেছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সড়কের পূর্বের নাম বহাল রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৌলভী ফজল করিম মিয়াজি সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এ অবস্থায় প্রবাসী ও স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে সড়কটির ৫২০ ফুট অংশে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়। মৌলভী ফজল করিম মিয়াজির বাড়ি থেকে পশ্চিম দিকে ৫২০ ফুট পর্যন্ত রাস্তার ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর গত ৫ নভেম্বর দুপুর ১২টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা বেগম সড়কটির প্রতিষ্ঠিত নাম পরিবর্তন করে তোরণে ‘হযরত আব্দুল কাদের জিলানী সড়ক’ নাম উল্লেখ করে ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসীর দাবি, গত ৪ আগস্ট চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সড়কটির একটি অংশের সংস্কারকাজের উদ্বোধন করেন। ওই সময়ও সড়কের নাম নিয়ে আপত্তি ওঠে। উদ্বোধনের নামফলক রাস্তার পাশে আড়ালে রেখে অন্য নাম ব্যবহারের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।

এ ঘটনার পর গত ৮ আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করে মৌলভী ফজল করিম মিয়াজি সড়কের নাম বহাল রাখার দাবি জানান এলাকাবাসী। পরে গত ২৭ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সড়কটির নাম পরিবর্তন না করার নির্দেশনা দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে ওই নির্দেশনার পরও নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে দাবি করে গত ৯ নভেম্বর ইউএনওর কাছে দ্বিতীয় দফায় লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। তাঁদের ভাষ্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা বেগম ও ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলামকে একাধিকবার বিষয়টি জানানো হলেও তাঁরা আপত্তিতে কর্ণপাত করেননি।

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, ১৯৪৬ সালে নোয়াপাড়া ইউনিয়নের তৎকালীন পঞ্চায়েত চেয়ারম্যান ওবায়দুল হক সড়কটির নামকরণ করেন। তিনি একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. মইনুল ইসলামের পিতা। সড়কের নামকরণ ও পরিষদের অনুমোদনসংক্রান্ত কাগজপত্র মৌলভী ফজল করিম মিয়াজির কাছে হস্তান্তর করা হয়েছিল বলে দাবি এলাকাবাসীর। সে সময় সড়কের উন্নয়নকাজের জন্য মৌলভী ফজল করিম মিয়াজি পঞ্চায়েত পরিষদকে ৭৫ টাকা প্রদান করেছিলেন বলেও তাঁদের বক্তব্য।

পরবর্তী সময়ে বিভিন্ন জনপ্রতিনিধির উদ্যোগে সড়কটির উন্নয়নকাজ হয়েছে বলে স্থানীয়রা জানান। ১৯৮৪ সালে নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম খায়েজ আহমদ সড়কটি মাটি ভরাট করে প্রশস্ত করার উদ্যোগ নেন। ১৯৯০ সালে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছালামত আলী, ১৯৯৭ সালে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শফি, ১৯৯৯-২০০০ অর্থবছরে চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম এবং ২০০৪, ২০০৫ ও ২০০৮ সালে চেয়ারম্যান মনিরুল ইসলাম সড়কটির উন্নয়নে বরাদ্দ ও সহযোগিতা করেন বলে এলাকাবাসী জানিয়েছেন। সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়াও উন্নয়নকাজে সহযোগিতা করেছিলেন বলে তাঁদের দাবি।

হাজী ফজল করিম মিয়াজি বাড়ির বাসিন্দা মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, সড়কটির নাম প্রায় ৮০ বছর আগে প্রতিষ্ঠিত ও অনুমোদিত হয়েছে। কোনো ব্যক্তি যেন নিজের ইচ্ছায় এই নাম পরিবর্তনের চেষ্টা করতে না পারেন, তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে অর্থের বিনিময়ে বা অন্য কোনো উদ্দেশ্যে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সড়কের নামকরণসংক্রান্ত পুরোনো নথি, পরিষদের অনুমোদন, জেলা প্রশাসক ও ইউএনওর নির্দেশনা এবং উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবহৃত নামফলক যাচাই করে বিষয়টির সুরাহা চান এলাকাবাসী। তাঁদের দাবি, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নাম নিয়ে বিরোধের অবসান ঘটাতে প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button