আইন ও বিচার

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে স্কুলের দপ্তরির কারাদণ্ড

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় বিদ্যালয়ের দপ্তরি মাসুদ রানাকে (৪২) আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মইনুল হাসান ইউসুফ রনি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দীন শাহের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ জানুয়ারি সকাল ১১টার দিকে বিদ্যালয়ের কার্যক্রম চলাকালে মাসুদ রানা ওই ছাত্রীকে ফুসলিয়ে বিদ্যালয় ভবনের তৃতীয় তলার ছাদে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তাকে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যান মাসুদ রানা।

ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে শিশুটির মা ২০২৪ সালের ২৪ জুলাই শিবগঞ্জ থানায় মাসুদ রানাকে একমাত্র আসামি করে মামলা করেন। পরে ওই বছরের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সোহেল রানা মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল হক দোলন জানান, মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে ট্রাইব্যুনাল আসামিকে দোষী সাব্যস্ত করে এ সাজা দিয়েছেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আব্দুস সালাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button