২২তম জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে ফরিদগঞ্জ, ২-১ গোলে হারাল মতলব দক্ষিণকে

মো: রাজন পাটওয়ারী (চাঁদপুর প্রতিনিধি): চাঁদপুরে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থাকে ২-১ গোলে পরাজিত করে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয় দলটি।
নির্ধারিত সময়ের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণাত্মক মনোভাব। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গোলের সুযোগ তৈরি করেও প্রথমার্ধে কোনো দলই সফল হতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর খেলার চিত্র বদলে যায়। আক্রমণের ধার বাড়িয়ে ফরিদগঞ্জের ৬ নম্বর জার্সিধারী পুষ্প পরপর দুটি গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। দুই গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় মতলব দক্ষিণ। দলটির অধিনায়ক ১০ নম্বর জার্সিধারী সাগর একটি গোল করে ব্যবধান ২-১ করেন।
এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে মতলব দক্ষিণ। অন্যদিকে লিড ধরে রাখতে ফরিদগঞ্জও রক্ষণভাগ শক্তিশালী করে খেলে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরিদগঞ্জ। একই সঙ্গে নিশ্চিত হয় টুর্নামেন্টের ফাইনালে তাদের অংশগ্রহণ।
এদিন ম্যাচটি ঘিরে চাঁদপুর স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। দুই উপজেলার সমর্থকদের উচ্ছ্বাস, করতালি ও স্লোগানে পুরো স্টেডিয়ামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি গ্যালারিতেও ছিল দুই দলের সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতি।
ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে মাঠে খেলেন মারুফ হোসেন, রেজাউল করিম, রহিম গাজী, রবিউল ইসলাম, তারিকুল ইসলাম, সাহাদাৎ হোসেন, সোহেল রানা বাবু, আনন্দ চন্দ দে, তমাল কুমার রায়, নাজমুল হাসান রাকিব ও ইয়াসিন হোসেন সজীব। দলের অতিরিক্ত খেলোয়াড় ছিলেন হামিম, ওমর ফারুক, মোশারফ হোসেন, রিমন চন্দ রায়, তারেক হোসেন ও সাদনান হোসেন।
অপরদিকে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার হয়ে খেলেন নুরুজ্জামান উদয়, সাগর চন্দ দাস, আরিফ হোসেন, শাতন, সাঈদ তালুকদার, ফারদিন ইসলাম রিফাত, ওমর ফারুক, জুনাইদ আহমেদ আকাশ, সোহেল রানা ও রতন চন্দ সরকার। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন তানভীর আহমেদ, ইসলাম জান ইমন, দুর্জয় চন্দ দাস, নাজমুল ইসলাম শাতন, জুবায়েদ আহম্মেদ, ফাহিম ঢালী ও তৌহিদুল ইসলাম সাফিন।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই মাঠে। এতে মুখোমুখি হবে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা। এ ম্যাচে বিজয়ী দল ফাইনালে ফরিদগঞ্জের মুখোমুখি হবে।



