চট্টগ্রাম

পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: ডিসি জাহিদ

মুহাম্মদ জুবাইর: পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ উল্লেখ করে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সুস্থভাবে বেঁচে থাকার পাশাপাশি পরিবেশ সুস্থ রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হলে মানসিক ও শারীরিক সুস্থতার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। চট্টগ্রামকে নান্দনিক, সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রামের বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ও শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ে তোলার পাশাপাশি যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি।

ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করতে না পারলে পরিচ্ছন্নতা কার্যক্রমের সুফল দীর্ঘস্থায়ী হবে না। কোথাও গাছ লাগানো কিংবা কোনো স্থান পরিষ্কার করার পর সেটি সুন্দরভাবে সংরক্ষণের দায়িত্বও সবার। কেউ কোনো স্থান অপরিচ্ছন্ন করলে তাকে সচেতন করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও নাগরিক দায়িত্ববোধের মাধ্যমেই পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন এবং চট্টগ্রাম আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা।

এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বাস টার্মিনালের পেছনের নালায় ফগার মেশিনের মাধ্যমে ডেঙ্গু মশা নিধনের ওষুধ ছিটানোর কার্যক্রমের উদ্বোধন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button