ছাত্রলীগ নেতা অপহরণ ও নির্যাতনের অভিযোগ: আপ বাংলাদেশ’র দুই নেতা বহিষ্কৃত

নিজস্ব প্রতিবেদক: নগরীর পার্কভিউ হাসপাতাল থেকে এক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে নির্যাতন এবং পরবর্তীতে থানায় সোপর্দের ঘটনায় কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আপ বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার দুই যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ আশরাফুল ও আবু তারেক মোহাম্মদ আসিফকেও অপহরণ মামলায় গ্রেফতার করা হয়েছে।
ঘটনার বিস্তারিত জানতে পেরে আপ বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ পাঁচলাইশ থানায় যান এবং পুলিশের কাছ থেকে যে বিবরণ শোনেন, তাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায়, ছাত্রলীগ নেতাকে আটক করার পর তাৎক্ষণিকভাবে থানায় সোপর্দ না করে তাকে নিজেদের হেফাজতে রেখে নির্যাতন করা হয়। পরদিন সকালে যখন তাকে থানায় হস্তান্তরের চেষ্টা করা হয়, তখন আটককারী ব্যক্তিরা অপহরণ মামলায় গ্রেফতার হন। এই গ্রেফতারকৃতদের মধ্যে আপ বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ আশরাফুল ও আবু তারেক মোহাম্মদ আসিফও অন্তর্ভুক্ত ছিলেন।
ছাত্রলীগ নেতাকে আটক করে তাৎক্ষণিকভাবে থানায় হস্তান্তর না করে নিজেদের জিম্মায় রেখে পরবর্তীতে থানায় সোপর্দ করার এই গুরুতর অভিযোগে আপ বাংলাদেশ তাৎক্ষণিকভাবে আব্দুল আহাদ আশরাফুল ও আবু তারেক মোহাম্মদ আসিফকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়াও, ঘটনার অধিকতর তদন্ত সাপেক্ষে কেন্দ্রের নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক ফায়াজ শাহেদ। কমিটির সদস্য হিসেবে রয়েছেন চট্টগ্রাম মহানগর আহ্বায়ক হুজ্জাতুল্লাহ আবীর এবং সদস্য সচিব মাহী চৌধুরী।



