প্রশাসন

দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনারের বৃক্ষরোপণ

দুলাল শিকদার: চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও মনোরম কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দামপাড়া পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছেন।

বুধবার (২৪ জুন ২০২৬) দামপাড়া পুলিশ লাইন্সের বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচিতে সিএমপি কমিশনার নিজ হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি পুলিশ লাইন্স এলাকায় চলমান সবুজায়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন এবং পরিবেশবান্ধব উদ্যোগকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। নগরায়ণের ফলে কমে আসা সবুজ পরিবেশ পুনরুদ্ধারে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তিনি পুলিশ সদস্যদের নিয়মিত বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণে আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছকে বড় করে তোলা এবং দীর্ঘমেয়াদে পরিচর্যার মাধ্যমে সবুজায়নের সুফল নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সিএমপির বিভিন্ন স্থাপনায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

কর্মসূচিতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোঃ আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্টরা জানান, দামপাড়া পুলিশ লাইন্সকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পুলিশ সদস্যদের জন্য একটি স্বাস্থ্যকর ও মনোরম কর্মপরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button