অপরাধদুর্নীতিপ্রশাসনবাংলাদেশ

রেলের মেগা প্রকল্পে জালিয়াতি: সাবেক ডিজি আমজাদ হোসেন দুদকের জালে

অপরাধ বিচিত্রা ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পগুলোতে সংঘটিত ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাবেক মহাপরিচালক (ডিজি) মোঃ আমজাদ হোসেনের বিরুদ্ধে তদন্তের পরিধি বাড়িয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ উঠেছে, তাঁর কার্যকালে তমা কনস্ট্রাকশন এবং ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড রেলপথ মন্ত্রণালয়ের একাধিক বৃহৎ প্রকল্পে প্রভাব বিস্তার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।

এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে, দুদক ইতোমধ্যে সাবেক মহাপরিচালক আমজাদ হোসেনের নামে একটি নোটিশ জারি করেছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে তাঁকে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে প্রকল্প সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য পেশ করতে হবে।

সূত্র মারফত জানা যায়, রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত ‘কালুখালী–ভাটিয়াপাড়াঘাট’ এবং ‘কাশিয়ানি–গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া নতুন রেলপথ নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্পে বিভিন্ন ধরনের অনিয়ম, জাল এলসি খোলা এবং বিদেশে অর্থ পাচারের মতো ঘটনা ঘটেছে। দুদক মনে করছে, এই অভিযোগগুলোর একটি উল্লেখযোগ্য অংশ তৎকালীন মহাপরিচালক হিসেবে আমজাদ হোসেনের প্রশাসনিক তত্ত্বাবধানের সময়েই ঘটেছে।

দুদকের চার সদস্যের একটি অনুসন্ধান দল এই তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। দলের নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক মোঃ আশিকুর রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহকারী পরিচালক আল-আমিন এবং উপসহকারী পরিচালক সাবিকুন নাহারসহ অন্যান্য সদস্য।

দুদক সূত্রের দাবি, এ পর্যন্ত সংগৃহীত নথি ও তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, প্রকল্পের অর্থনৈতিক অনিয়ম এবং প্রভাবশালী ঠিকাদার গোষ্ঠীগুলোর সিন্ডিকেটের মধ্যে একটি সুস্পষ্ট যোগসূত্র বিদ্যমান। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, সাবেক মহাপরিচালকের বক্তব্য গ্রহণের পর এই অনুসন্ধান কার্যক্রমে নতুন মাত্রা যোগ হতে পারে।

একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বর্তমান সরকারের সময়ে তমা ও ম্যাক্স গ্রুপ রেলওয়ের কমপক্ষে ৩০ হাজার কোটি টাকার কাজ পেয়েছে। এই প্রকল্পগুলোর ব্যয় দফায় দফায় বৃদ্ধি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই দুদক এখন রেলওয়ের সাবেক সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button