শিক্ষক নিয়োগে অর্ধ কোটি টাকার প্রতারণা” ঢাকায় আত্মগোপনে কথিত আওয়ামী নেতা লস্কর

অপরাধ বিচিত্রা : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের হরিচন্দ্রপুর নতুন গ্রামের বাসিন্দা মনসুর হুদার ছেলে মোঃ লস্করের বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচয় দিয়ে ২০২৪ সালে একটি প্রতিবন্ধী স্কুলে শিক্ষক নিয়োগের কথা বলে একাধিক প্রার্থীর কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেন।
অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও নিয়োগ কার্যক্রমের কোনো অগ্রগতি হয়নি। বরং ভুক্তভোগীরা যোগাযোগ করতে গেলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন লস্কর। একপর্যায়ে তিনি এলাকা ছেড়ে ঢাকায় পালিয়ে যান বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, লস্কর আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে প্রভাব খাটাতেন এবং জেলা পরিষদ সদস্য পদেও নির্বাচন করেছিলেন। সেই পরিচয় কাজে লাগিয়ে সাধারণ মানুষকে প্রলোভনে ফেলতেন তিনি।
আরও অভিযোগ রয়েছে, বর্তমানে ঢাকায় অবস্থান করে লস্কর বিভিন্ন ইউনিয়নে ছদ্মবেশে চাকরি নিয়ে ট্যাক্স আদায়ের কাজ করছেন, যা নতুন করে প্রতারণার আশঙ্কা তৈরি করছে।
ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
এ ধরনের প্রতারণা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। কেউ যেন কোনো প্রলোভনে পড়ে টাকা লেনদেন না করেন, সে বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অর্ধ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার বিষয়ে জানতে কথিত নেতা লস্কর কাছে মোবাইল ফোনে কল করা হলে প্রতিবেদককে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি প্রদান করেন।



