রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘোষণা ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
মোশাররফ হোসেন, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাঙামাটি জেলা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বনরূপা-কাঠালতলি এলাকার আশপাশে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
দীর্ঘ আট বছর পর শনিবার (২ মে) মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে। এর পরদিন রোববার (৩ মে) সকাল থেকেই কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামে পদবঞ্চিত নেতাকর্মীরা। দুপুরে তারা শহরের দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে তারা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবকে বিষয়টি অবহিত করেন। আন্দোলনকারীরা নতুন কমিটি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
সোমবার (৪ মে) দুপুর পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদল কোনো সিদ্ধান্ত না জানালে বিকেলে নতুন কমিটির সমর্থকরা শহরে আনন্দ মিছিল বের করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে



