চট্টগ্রাম

আনোয়ারায় জমি দখলমুক্ত উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন জনসাধারণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় পরিচালিত উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ জনগণ। দীর্ঘদিন ধরে দখলবাজদের কবলে থাকা গুরুত্বপূর্ণ এই সড়কটি সম্পূর্ণভাবে দখলমুক্ত করার জোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সরকারি জমি অবৈধভাবে দখল করে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দোকানপাট গড়ে তোলে এবং নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে আসছিল। একাধিকবার নোটিশ দেওয়ার পরও তারা তা অগ্রাহ্য করে দখলদারিত্ব বজায় রাখে। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের এই সড়কটি পরিণত হয় তীব্র যানজট, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগের কেন্দ্রে।

বিশেষ করে যানবাহন চলাচল, অবৈধ পার্কিং এবং পথচারীদের স্বাভাবিক যাতায়াতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দখলদাররা যেন স্বঘোষিত জমিদার তাদের প্রভাব ও দাপটের কাছে অনেক সময় প্রশাসনও অসহায় হয়ে পড়তো। অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও কিছুদিন পরই তারা পুনরায় জায়গা দখল করে বসত গড়ে তোলে।

এবারের উচ্ছেদ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। তারা বলছেন, আংশিক নয়, স্থায়ী সমাধানের লক্ষ্যে পুরো অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করতে হবে এবং পুনরায় দখল ঠেকাতে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, আনোয়ারা এখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। চাতরী চৌমুহনী ও সিইউএফএল সড়ক এই এলাকার প্রাণসঞ্চালন পথ। এখানে অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। আমরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, তবে এটি যেন সাময়িক না হয় স্থায়ীভাবে দখলমুক্ত করা হোক।

এ বিষয়ে সওজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ জানান, উন্নয়ন কার্যক্রমে গতি আনতে এবং জনসাধারণের দুর্ভোগ লাঘবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, সড়কের সম্পূর্ণ জায়গা দখলমুক্ত রেখে জনচলাচল স্বাভাবিক করাই আমাদের লক্ষ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button