আইন ও বিচারপ্রশাসনময়মনসিংহ

নান্দাইলে গণধর্ষণ মামলার প্রধান আসামি কাজল ফেনী থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলার নান্দাইল থানা-এ দায়ের হওয়া গণধর্ষণ মামলার ১নং এজাহারনামীয় পলাতক আসামি কাজল (৩৫)-কে ফেনী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১৪, ময়মনসিংহ-এর যৌথ আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ভিকটিম শাপলা আক্তার তার বাবার বাড়ি ধর্মপাশা থেকে শ্বশুরবাড়ি ভালুকা যাওয়ার পথে ভুলবশত নান্দাইল চৌরাস্তা এলাকায় পৌঁছান। রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে তিনি তার ৩ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন।

এ সময় কাজল একটি অটোরিকশা নিয়ে এসে বিভিন্ন প্রলোভন ও কৌশলে ভিকটিমকে উঠিয়ে নিয়ে যায়। পরে গাঙ্গাইল ইউনিয়নের কান্দিউড়া এলাকার হাওরের নির্জন স্থানে নিয়ে গিয়ে অভিযুক্তসহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি রাত ১২টা ১০ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে এবং ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(৩) ধারায় মামলা (নং-২৪, তারিখ: ২৬ এপ্রিল ২০২৬) দায়ের করেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, প্রধান আসামি কাজল গ্রেফতার এড়াতে ফেনী জেলার ফেনী সদর থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। এরই প্রেক্ষিতে ০৪ মে ২০২৬ বিকাল আনুমানিক ৫টা ২৫ মিনিটে ফেনী সদর থানাধীন বিরলী বাজার স্কুল রোড এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কাজল নান্দাইল উপজেলার কান্দিউড়া এলাকার বাসিন্দা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন এ. আর. এম. মোজাফ্ফর হোসেন সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাব-৭, চট্টগ্রাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button