অপরাধআইন-শৃঙ্খলা

ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত: প্রধান আসামিসহ ৫ অভিযুক্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেনের (৫০) ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, চাঞ্চল্যকর এই হামলার ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ পাঁচজনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে গত সোমবার বিকেলে অফিস শেষ করে মহাখালীর ওয়াসা রোডের বাসায় ফেরার পথে বনানী এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন ডা. আহমদ হোসেন। বনানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২-৩ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলাকারীরা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডা. আহমদ হোসেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের টেন্ডার বা দরপত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, টেন্ডার সংক্রান্ত কোনো বিষয়ে তাকে ভয় দেখানো বা স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং গ্রেপ্তারকৃতদের এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button