চট্টগ্রামপ্রশাসন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দুলাল শিকদার: চট্টগ্রাম মহানগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর এপ্রিল/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা যথাযথ গুরুত্ব ও গাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ সদর দপ্তর-এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। সভার শুরুতেই তিনি মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর একটি সামগ্রিক পর্যালোচনা তুলে ধরেন এবং অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করেন।

কমিশনার তার বক্তব্যে বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নগর গড়ে তুলতে পুলিশ সদস্যদের আরও পেশাদার, দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক ভূমিকা পালন করতে হবে। তিনি সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং অপরাধ দমনে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সংশ্লিষ্ট সকল উপ-পুলিশ কমিশনারকে তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রদান করেন। একইসঙ্গে তিনি হত্যা মামলাসহ গুরুত্বপূর্ণ মামলা দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে বিচার কার্যক্রম ত্বরান্বিত করার ওপর জোর দেন।

মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি, দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর বিষয়েও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে কমিশনার মহোদয় নগরীর যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন, অননুমোদিত ও নিয়মবহির্ভূত যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করার কথা উল্লেখ করেন।

সভায় এপ্রিল/২০২৬ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্স প্রদর্শনকারী পুলিশ সদস্যদের স্বীকৃতি ও পুরস্কার প্রদান করা হয়। এতে সংশ্লিষ্ট সদস্যদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি হয় বলে মনে করেন উপস্থিত কর্মকর্তারা।

এছাড়া সভায় এক আবেগঘন পরিবেশে বদলিজনিত কারণে উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব মোহাম্মদ মাহবুব আলম খান, পিপিএম-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানানো হয়। পুলিশ কমিশনার তার পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বনিষ্ঠার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমন কার্যক্রম জোরদার করা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে সকল ইউনিটকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button