অভিযাননারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে র‍্যাবের সাঁড়াশি অভিযান, ড্রোন-অস্ত্রসহ গ্রেপ্তার ১৩ জন

​নজরুল ইসলাম বাদল: ​নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় কিশোর গ্যাং, মাদক কারবারি ও অপরাধী চক্রের আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়েছে র‍্যাব-১১। বুধবার (৬ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র‍্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অভিযানে মাদক, অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ অস্ত্রসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত কয়েকদিন ধরে মাসদাইর এলাকায় কিশোর গ্যাং ও মাদক কারবারিদের অপতৎপরতা নিয়ে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব। গত ৫ মে দুপুরে মাদক স্পটগুলো শনাক্ত করতে গেলে মাদক কারবারিরা গোয়েন্দা দলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র‍্যাবের তিন সদস্য আহত হন। এরপরও পিছু না হটে অভিযানের ধারাবাহিকতা বজায় রাখে র‍্যাব।

অভিযানকালে মাদক কারবারিদের কাছ থেকে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়, যা তাদের অত্যাধুনিক নেটওয়ার্কের জানান দেয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে:
​মাদক: ২৩৬ কেজি গাঁজা ও ১১ হাজার পিস ইয়াবা।

অস্ত্র: ছয় রাউন্ড পিস্তলের গুলি, দশটি চাকু, সাতটি চাইনিজ কুড়াল, দুটি রাম দা, চাপাতি এবং বিভিন্ন ধরনের
​প্রযুক্তি ও অন্যান্য: মাদক কারবারিদের আগাম সতর্কবার্তা পেতে ব্যবহৃত একটি ড্রোন (যার মূল্য প্রায় ১১ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা), সিসিটিভি ক্যামেরা, একটি টাকা গোনার মেশিন, ওয়েট মেশিন এবং ল্যাপটপ।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “এই অভিযান শুধু মাসদাইর এলাকার জন্য নয়, নারায়ণগঞ্জের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যারা কিশোর গ্যাং কালচার লালন করছে বা মাদকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের বলতে চাই—অবিলম্বে এই অন্ধকার পথ ছেড়ে দিন। র‍্যাবের কঠোর আইনানুগ কার্যক্রম চলমান থাকবে এবং অপরাধীরা কোনোভাবেই পার পাবে না।”

র‍্যাব জানায়, অভিযানটি গতকাল মধ্যরাত পর্যন্ত অব্যাহত ছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ১৩ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাবের এই সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button